রংপুর বিভাগীয় প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের ঘোষিত ফলাফল স্থগিত করা এবং পাঁচটি কেন্দ্রে পুনঃভোট গ্রহণসহ সব কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মো. আব্দুর রহিম সরকার।
আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার সকালে গাইবান্ধা জেলা শহরের দারুল আমান ট্রাস্ট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ কওে বলেন, ভোটগ্রহণ ও গণনার সময় ব্যাপক অনিয়ম হয়েছে। তার পোলিং এজেন্টদের কয়েকটি কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং ওই কেন্দ্রগুলোতে প্রতিদ্বন্দ্বী দল বিএনপি সমর্থিত নেতাকর্মীরা জোরপূর্বক ব্যালট পেপার নিয়ে ধানের শীষ প্রতীকে সিল দিয়েছেন।
তিনি বলেন, বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিরাডাঙ্গা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোচারশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দামগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে। এছাড়া গণনার সময়ও কিছু কেন্দ্রে প্রকৃত ভোটের তুলনায় বেশি ভোট দেখানো হয়েছে এবং ব্যালট বান্ডেল পরিবর্তন করে ফলাফল প্রভাবিত করা হয়েছে।
অভিযোগের সঙ্গে স্থিরচিত্র, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য আছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে আব্দুর রহিম সরকার বলেন, ঘোষিত ফলাফল স্থগিত করে পাঁচটি কেন্দ্রে পুনঃভোট গ্রহণ করে সকল কেন্দ্রের ভোট পুনরায় গণনা করতে হবে। এসময় উপস্থিত ছিলেন ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর নেতাগণ।








