গাজীপুর: সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং বর্তমানে সিটি করপোরেশনের উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম বলেছেন, আমাদের গাজীপুর মহানগরীর মধ্যে যেসব গার্মেন্টস শিল্পকারখানা রয়েছে সে গুলো আমরা চালাবো। আমি কারখানা মালিকদের প্রতি অনুরোধ করবো আপনারা কারখানা খোলা রাখবেন। আমরা মহানগরীর মধ্যে সবার সহযোগীতার মাধ্যমে এবং শ্রমিক ভাই -বোনেরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন গার্মেন্টস কারখানা চালাবো।
মঙ্গলবার (৩১ অক্টোবর) চলমান পোশাক শ্রমিকদের আন্দোলন এবং বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কারখানা মালিকদের কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি সরকারের প্রতি অনুরোধ রাখবো আমাদের শ্রমিক ভাই বোনেরা দীর্ঘ দিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে। তাদের এ দাবি যৌক্তিক। তাই আমার আহ্বান যারা দায়িত্বশীল রয়েছেন। বিশেষ করে শ্রম মন্ত্রণালয় ও মজুরি বোর্ডে তারা যেনো অতি দ্রুত শ্রমিকদের এই বেতন বৃদ্ধির কাজ সম্পূর্ণ করবেন।
সাবেক মেয়র আরও বলেন, আমি শ্রমিক ভাই বোনদের প্রতি অনুরোধ করবো। আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না। আর কয়েকটা দিন ধৈর্য ধরেন। সরকার আগামী ৩০ শে নভেম্বরের মধ্যে আপনাদের বেতন বৃদ্ধি করবে। আপনারা কারো কথায় ফাঁদে পড়বেন না। আর কেউ যাতে কোন জ্বালাও পুড়াও এবং রাজনীতি করতে না পারে সে দিকে আপনারা সাজাক থাকবেন। এছাড়া আমি পুলিশ প্রশাসনকে বলবো আপনারা শ্রমিকদের কোন গুলি করবেন না। আপনারা ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করবেন।
তিনি বলেন, মহানগরীর মধ্যে বিক্ষোভ করার সময় যেসব কারখানার শ্রমিকরা আহত হয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকার এবং মালিকদের প্রতি অনুরোধ করবো এবং সিটি করপোরেশনের পক্ষ থেকেও সহায়তা করা হবে।
সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আরও বলেন, আমি যেহেতু এই গাজীপুরের মেয়র ছিলাম। তখনো আমি সব সময় শ্রমিক ভাই বোনদের পাশে ছিলাম। এখন আমার মা মেয়র হয়েছে। আপনাদের কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।







