রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের সমাবেশে হামলা করে ৪ নারীসহ ৫ জনকে আহত করার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ ১৫ এপ্রিল বুধবার দুপুরে ঢাকা-দিনাজপুর মহাসড়কের বাগদা বাজারে বিক্ষোভ সমাবেশ করে সাঁওতালরা। এসময় সোমবার পুলিশ সুপারের অফিস ও থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে। বিক্ষোভকারীরা বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আদিবাসী সাঁওতালদের বাপ-দাদার জমি ফেরতসহ তিন সাঁওতাল হত্যার প্রতিবাদে গত ১২ এপ্রিল বাগদা এলাকায় বিক্ষোভ সমাবেশ করে তারা। এসময় স্থানীয় কিছু দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। ওই হামলায় চারজন সাঁওতাল নারীসহ ৫ সাঁওতাল নেতা আহত হন। এ ঘটনার প্রতিবাদে সাঁওতালরা গোবিন্দগঞ্জ পুলিশের কাছে মামলা দেয়। কিন্তু থানায় মামলা নথিভুক্ত করা হয়নি এবং পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। এতে সাঁওতালরা বিক্ষুদ্ধ হয়ে বুধবার দুপুরে ওপর হামলাকারীদের গ্রেফতার ও মামলা না নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আদিবাসী নেতা বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম পরিষদের সভাপতি ড. ফিলিমন বাসকে, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নেতা খোকন সুইটেন মুম, সাঁওতাল নেতা রাফায়েল হাসদা, ব্রিটিশ সরেন, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, সাঁওতাল নেত্রী অঞ্জলী মুর্মু, স্যাম বালা, দীপন দেওয়ান প্রমুখ। এসময় বক্তারা বলেন, সাঁওতালদের ওপর হামলাকারী ভুমিদস্যুদের অবিলম্বে গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। পুলিশের অবহেলা ও গোবিন্দগঞ্জ থানায় ভুমিদস্যুদের বিরুদ্ধে মামলা না নেওয়া এবং দোষীদের গ্রেফতার না করায় বিক্ষুদ্ধ হয়ে উঠেছে আদিবাসীরা। তারা আরও বলেন এমন অবস্থায় আর বসে থাকতে পারি না। আমরা দেশের নাগরিক, অধিকার আদায়ে ও ভুমিদস্যুদের গ্রেফতার দাবিতে আগামী সোমবার গাইবান্ধা পুলিশ সুপারের অফিস ও থানা ঘেরাও কর্মসুচি পালন করা হবে।






