বরিশাল: ঢাকা থেকে বরিশালের মুলাদী উপজেলায় যাওয়ার পথে যাত্রীবাহী লঞ্চ এমভি মহারাজ-৭ একটি নোঙর করা মালবাহী জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে এক শিশুসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘন কুয়াশার কারণে লঞ্চ চালক নদীর তীরের কাছে নোঙর করা মালবাহী জাহাজটি দেখতে পাননি। ফলে লঞ্চটি সজোরে জাহাজটির সঙ্গে ধাক্কা খায়। এতে লঞ্চের বাম পাশের দোতলা অংশের প্রায় ৩০ ফুট এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় জিহাদ হোসেন নামে এক শিশু মাথায় গুরুতর আঘাত পায়। এছাড়া আবুল কালাম, রহমতউল্লাহ, রাসেদ সরদারসহ আরও অন্তত ৯ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
লঞ্চের যাত্রী আবু বকর ছিদ্দিক জানান, দুর্ঘটনার পর দোতলায় থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে নিচতলায় নেমে নিরাপদ স্থানে অবস্থান নেন। তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা না ঘটায় সবাই স্বস্তি প্রকাশ করেন।
দুর্ঘটনার পর কিছুক্ষণ লঞ্চ চলাচল বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় মুলাদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে এমভি মহারাজ-৭।
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী জানান, খবর পাওয়ার পর পুলিশকে লঞ্চঘাটে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ ও খোঁজখবর নেওয়া হচ্ছে।








