ঘূণিঝড় সিত্রাংয়ের প্রভাবে লক্ষ্মীপুর জেলার মেঘনা উপকূলে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত আড়াইশ পরিবারকে নগদ টাকা ও প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।
বিকেলে জেলার কমলনগর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটজাতে ১৪ কেজি করে খাদ্য বিতরণ করা হয়।
প্যাকেটে রয়েছে চাল ১০ কেজি, ডাল এক কেজি, তেল এক লিটার, চিনি এক কেজি, আয়োডিন যুক্ত লবণ এক কেজি, মরিচের গুঁড়া ১০০ গ্রাম, হলুদের গুঁড়া ২শ গ্রাম ও ধনিয়ার গুড়া ১০০ গ্রাম। এসব খাদ্যসামগ্রী ক্ষতিগ্রস্তদের মাঝে তুলে দেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
এছাড়াও দুর্যোগে গুরুতর আহত এক ব্যক্তির পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী, ইউএনও কামরুজ্জামান, সহকারী কশিনার ফেরদৌস আরা, ওসি মো. সোলায়মানসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত অন্যান্য উপজেলাগুলোতেও প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানান ডিসি। এ সময় যেসব এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলা প্রশাসনকে সেসব এলাকার তথ্য দেওয়ার জন্য পরামর্শ দেন তিনি।








