সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) বিকেলে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার-এর নেতৃত্বে এসআই মো. সৈকত, এসআই মাজহারুল, এএসআই আপেল মাহমুদসহ পুলিশের একটি দল উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমানির গো এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকার একটি বসতবাড়ির বিল্ডিংয়ের রান্নাঘরের পেছন থেকে একটি দেশীয় তৈরি একনলা আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মাহফুজুর রহমান রিমন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি বাউরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রের ঘটনায় The Arms Act, 1878-এর ১৯(এফ) ধারা অনুযায়ী সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর-০৫, জিআর নম্বর-৫১, তারিখ ৬ জুন ২০২৬।
সন্দ্বীপ থানার পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।







