চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের বিএনপির প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান ১৩ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার রাত ৮ টায় বারইয়ারহাটস্থ প্রধান নির্বাচনি কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে মিরসরাইকে নিরাপদ, আধুনিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলার রূপরেখা তুলে ধরা হয়। ইশতেহার ঘোষণা শেষে বিএনপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় উপজেলা ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, বিএনপি নেতা অধ্যাপক আতিকুল ইসলাম লতিফি, ফখরুল ইসলাম এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রুবেলসহ দলীয় নেতাকর্মীরা।
নুরুল আমিন চেয়ারম্যান বলেন, দীর্ঘ তিন যুগের বেশি সময় ধরে রাজনীতির মাঠে মিরসরাইবাসীর সঙ্গে ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।
নির্বাচিত হলে মিরসরাই আসনে সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক আধুনিকায়ন, মিরসরাইয়ের পর্যটন স্পটসমূহ নিরাপদ ও আধুনিক করা, উন্নয়ন পরিকল্পনায় নাগরিক মতামত গ্রহণে উন্মুক্ত মতবিনিময় সভা আয়োজন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ আইসিটি ল্যাব ও লাইব্রেরি স্থাপন, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন ও খেলার মাঠ নির্মাণ, কৃষি কার্ড প্রদান, খাল-ছড়া খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, মহাসড়কে দুর্ঘটনায় আহতদের জন্য ট্রমা সেন্টার নির্মাণ, গ্রামীণ সড়ক অবকাঠামোর সুষম উন্নয়ন, পিছিয়ে পড়া নারী সমাজকে স্বাবলম্বী করা ও ফ্যামিলি কার্ড প্রদান, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উদ্যোগ এবং ক্ষুদ্র শিল্প, কৃষি, মৎস্য ও পশুপালনে নতুন উদ্যোক্তা সৃষ্টির অঙ্গীকার করেন তিনি।
সবশেষে নুরুল আমিন চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফার আলোকে মিরসরাইকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, নিরাপদ ও স্বনির্ভর উপজেলা হিসেবে গড়ে তুলতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।








