মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল উপজেলার দক্ষিণ ঘাটলাবাগে গরুর খামারের চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে বাঁশ ও গাছ দিয়ে বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সেলিম চৌধুরী ও ইসমাইল হোসেন বিরুদ্ধে চাটখিল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোহাম্মদ হানিফ নামে এক খামারি।
শনিবার সকাল দশ ঘটিকায় দক্ষিণ ঘাটলাবাগ (দোলা বাড়ী) এলাকায় এ ঘটনা ঘটে।
থানায় দেওয়া লিখিত অভিযোগে হানিফ দাবি করেন, প্রায় চার বছর আগে তিনি নিজের মালিকানাধীন ও ভোগদখলীয় সম্পত্তিতে ১৭টি গরু নিয়ে সরকারি অনুমোদন সাপেক্ষে একটি খামার গড়ে তোলেন। খামারটি পরিচালনার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের ইয়াছিন হাজীর হাট শাখা থেকে অর্থায়ন নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।
হানিফের অভিযোগ, খামার প্রতিষ্ঠার পর থেকেই অভিযুক্তরা খামার ও পৈত্রিক ওয়ারিশি সম্পত্তি দখলের চেষ্টা করে আসছেন। বিশেষ করে খামারে যাতায়াতের রাস্তা নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে অভিযুক্তরা ওই রাস্তা দখল করে বাঁশ, সুপারি গাছসহ বিভিন্ন উপকরণ দিয়ে কাঁটার বেড়া নির্মাণ শুরু করেন।
এ সময় হানিফ ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা গালিগালাজ করে লোহার শাবল, বাঁশ ও সুপারি গাছের ডাল নিয়ে মারধরের জন্য এগিয়ে আসেন বলে অভিযোগ করা হয়েছে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ও সাক্ষীরা ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
হানিফ বলেন, খামারে বর্তমানে আটটি গরু গর্ভবতী। ফলে গরুগুলোর নিয়মিত খাবার, পরিচর্যা ও চিকিৎসার জন্য খামারে যাতায়াতের রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তা বন্ধ হয়ে গেলে খামারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।
এই বিষয় তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।







