মিরসরাই প্রতিনিধি
চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে মিরসরাইয়ের ২ সহোদর ফেনীতে সড়ক
দুর্ঘটনায় নিহত হয়েছে। তারা হলেন মিরসরাই উপজেলার ইছাখালী
ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরশরত গ্রামের মৃত দীনেশ চন্দ্র দাশের পুত্র
বিপ্লব কুমার দাস ও তার বড় ভাই কুয়েত প্রবাসী তুষার কুমার দাস।
বিপ্লব চরশরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী
হিসেবে দায়িত্বরত ছিল। শনিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা-
চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুরে তাদের বহনকারী প্রাইভেটকার
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুই সহোদর নিহত ও
চালকসহ অপর ২ জন আহত হয়। আহত প্রাইভেটকার চালক সাজ্জাদ
হোসেন মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকার বাসিন্দা এবং যাত্রী
প্রণব কুমার দাশ দুর্ঘটনায় নিহত তুষার চন্দ্র দাসের শ্যালক।
চরশরত সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সালাহ
উদ্দিন জানান, আমাদের বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী বিপ্লব কুমার
দাস ও তার বড় ভাই তুষার কুমার দাস ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়ী
ফেরার পথে ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। কুয়েত ফেরত তুষার
কুমার দাস কয়েকদিন পূর্বে দেশে আসে চিকিৎসার জন্য, ঢাকার
একটি হাসপাতালে তুষারের অপারেশনও হয় সবকিছু শেষ করে শনিবার
সকালে প্রাইভেটকারযোগে তারা বাড়ি ফিরছিলেন এমতাবস্থায়
দুর্ঘটনায় তাদের জীবন প্রদীপ নিভে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে মিরসরাই আসার
পথে দেবীপুর এলাকার ফেনী প্রাইভেট হাসপাতাল সংলগ্ন স্থানে
পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলে দুই সহোদর তুষার (৪০) ও বিপ্লব (৩২) নিহত হয়। খবর
পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে
হতাহতদের উদ্ধার করে। আহত চালক সাজ্জাদ হোসেন ও যাত্রী প্রণবের
অবস্থা আশংকাজনক দেখে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়।
মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ জাকির হোসেন দুর্ঘটনায় দুই
সহোদর নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।








