*******
মো জহির খান
জেলা প্রতিনিধিঃ ফেনী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ফেনীর ছাগলনাইয়ায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘ইনায়া ফাউন্ডেশন’। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার গোপাল ইউনিয়নস্থ দৌলতপুরে ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইনায়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন আই এন্ড ডি গ্রুপ ইউএসএ এলএলসি (I & D Group USA LLC) এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও রিজ চৌধুরী রাহাত।
বিতরণকালে বক্তারা বলেন, “মানবতার সেবায় ইনায়া ফাউন্ডেশন সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। পবিত্র ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।” ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সংবাদকর্মী এবং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, যা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় অসহায় পরিবারগুলো।







