ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম (৫২) চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন। গত বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে ছাতক থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে ছাতক থানার একটি পুলিশ দল উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত হারিছ আলীর ছেলে।
ছাতক থানা সূত্রে জানা যায়, সিআর-১৭৪/২৫ নম্বর চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন আব্দুর রহিম। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ছাতক থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ জানান, ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।








