চট্টগ্রামের মিরসরাই উপজেলার তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) রাতে ছিনতাইয়ের সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো জোরারগঞ্জ থানার খিলমুরারী গ্রামের হিরা মিয়ার ছেলে আলতাফ হোসেন মানিক (২০), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে নুর আলম (২০) এবং বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের এমদাদ হোসেনের ছেলে এনামুল হক নিলয় (১৯)।
পুলিশ জানায়, গত বুধবার রাত সাড়ে ৯ টায় জোরারগঞ্জ থানার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে নির্মল ত্রিপুরা নামে এক যুবককে ঘিরে ধরে ভয়ভীতি দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করের ছিনতাইকারীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদেরকে তল্লাশি করে নগদ দেড় হাজার টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি হলুদ ও কালো রঙের কাটার উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।








