নড়াইল: নড়াইলে এসে নড়াইল-২ আসনে প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। রোববার (২৪ ডিসেম্বর) বিকালে মধুমতী সেতু পার হয়ে নড়াইলে প্রবেশের পথে সংসদীয় আসনের লোহাগড়া উপজেলার বিভিন্ন স্থানে পথসভা করেন তিনি। এসময় সারাপথে মাশরাফি দেখতে ভিড় করেন উৎসুক জনতা। প্রতিটি সভায় ফুল দিয়ে বরণ করা হয় তাকে। জনগণের ভালোবাসায় সিক্ত হন মাশরাফি।
পথসভায় মাশরাফি বলেন, গতবার এখানে ফেরিতে পার হয়েছিলাম। এখন তো প্রধানমন্ত্রী দেশের প্রথম ছয় লেনের সেতু এখনে করে দিয়েছে৷ আজকে আমরা ব্রীজ পার হয়ে সরাসরি চলে আসতে পেরেছি। যাওয়ার পথে আপনাদের সাথে দেখার হল। ইনশাআল্লাহ দুএকদিনের মধ্যে আপনাদের কাছে আমি আবার আসব, দেখা হবে। আপনারা সবাই দোয়া করবেন। ৭ তারিখে আপনারা সুসংগঠিত হয়ে কেন্দ্রে আসবেন। সবাই এসে যেন তার ভোটটা দিয়ে যায়। উৎসাহিত করবেন সবাইকে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি আশা করি, বিশ্বাস করি আমাকে আবারো কাজ করার সুযোগ করে দিবেন। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে। আর আপনারা যদি আমাকে আরেকবার সুযোগ দেন ইনশাআল্লাহ আমি আবারো একইভাবে কাজ করব।







