বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর।
সোমবার এ আবেদন করেন তিনি। এ বিষয়ে ৩১ জুলাই পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ঠিক করেছেন চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী।
আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর বলেন, ‘আজ আমরা পৃথক দুটি আবেদন করেছি। সেটি হলো- নিবন্ধন নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন পেন্ডিং থাকা অবস্থায় জামায়াতের রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা চেয়ে। অন্যটি হলো- নিবন্ধন নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন পেন্ডিং থাকা অবস্থায় ১০ বছর পর জামায়াতের রাজনৈতিক কর্মসূচি পালন করার কারণে আদালত অবমাননার অভিযোগ আনার জন্য।
আগামী ৩১ জুলাই আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। এ বছরের ৩১ জানুয়ারি আপিল বিভাগ দলটিকে আপিলের প্রস্তুতি নিতে দুই মাস সময় দেয়।
১০ বছর পর গত ১০ জুন সমাবেশ করার অনুমতি পায় জামায়াতে ইসলামী। দলটি সর্বশেষ বিক্ষোভ মিছিল করেছিল ঢাকার মতিঝিলে ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি।
আদালতের আদেশের পর ২০১৮ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলটি নিষিদ্ধেরও জানিয়ে আসা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধে জামায়াতের শীর্ষ বেশ কয়েকজন নেতার মৃত্যুদণ্ড হয়েছে। অপরাধ প্রমাণিত হওয়ায় কারাগারে আছে অনেকেই।







