না দেখে জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টির স্বাক্ষর না করার সিদ্ধান্তকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জাতীয় সংসদে স্থাপিত কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমরা বুঝতে পারি, এটা তাদের একটি রাজনৈতিক অবস্থান। তবে এখনো আমরা আশাবাদী, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এনসিপি সনদে স্বাক্ষর করবে।’
এর আগে এনসিপির পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই সনদের বিষয়ে তিনটি দাবি তুলে ধরেন আহ্বায়ক নাহিদ ইসলাম। সেগুলো হলো—জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ‘টেক্সট’ এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে; জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জারি করবেন; গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদে রায় দেয়, তবে ‘নোট অব ডিসেন্ট’-এর কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের ওপর প্রদত্ত সাংবিধানিক ক্ষমতাবলে সংবিধান সংস্কার করবে। সংস্কার সংবিধানের নাম হবে ‘বাংলাদেশ সংবিধান-২০২৬’।
আলী রীয়াজ বলেন, ‘কমিশন আগেই বলেছে সনদ স্বাক্ষরের পর বাস্তবায়নের সুপারিশ যত দ্রুত সম্ভব সরকারকে দেবে। আমরা আশা করি, তারা সনদে স্বাক্ষর করবে।’







