বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বাংলাদেশ (জামায়াত)-এর প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের পক্ষে নির্বাচনী প্রচারকালে বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২৮জানুয়ারি) ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা গেছে, জামায়াত নেতারা প্রার্থীর পক্ষে প্রচারে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।
এতে চারজন নেতাকর্মী আহত হন। আহতরা হলেন ভূঞাপুর উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, অজুনা ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম খান, গাবসারা ইউনিয়নের সেক্রেটারি আবু হুজাইদা এবং শুরা সদস্য আহম্মদ আলী খান। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভূঞাপুর থানার ওসি মো. সাব্বির রহমান।
তিনি জানান, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোনো অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এ ব্যাপারে ভূঞাপুর উপজেলা বিএনপির সম্পাদক সেলুমুজ্জামান সেলুর সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পাওয়া যাননি। এদিকে, এ ঘটনার বিচার দাবি করে টাঙ্গাইল-৫ (সদর) আসনে জামায়াতের প্রার্থী আহসান হাবিব মাসুদ বুধবার টাঙ্গাইল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
তিনি নির্বাচনী সহিংসতা বন্ধ ও দায়ীদের দ্রুত বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে জামায়াতের জেলা সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, এনসিপির জেলা আহ্বায়ক কামরুজ্জামান শাওন, সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।








