ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার টেস্টের পালা। ৪ এপ্রিল থেকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সাদা পোশাকের লড়াই।
এই ম্যাচকে ঘিরে বেলা ২টার দিকে শুরু হয়েছে অনুশীলন। সে সেশনের আগে ড্রেসিং রুমে দলের সঙ্গে মিটিং করেন হাথুরুসিংহে। মিটিং শেষে খেলোয়াড়েরা ড্রেসিং রুম থেকে শেরেবাংলা স্টেডিয়ামের মূল মাঠে বেরিয়ে আসতে শুরু করেন বেলা ২টার একটু পর।
টেস্ট দলে ফেরা তামিম, শরীফুল ইসলামদের সঙ্গে সেখানে দেখা গেল ‘টেস্ট বিশেষজ্ঞ’ মুমিনুল হককে। শুধু দেখা মিলল না সাকিব আল হাসানেরই। জানা গেছে, বাংলাদেশ অধিনায়ক অনুশীলনে আসেননি, টিম হোটেলে বিশ্রাম নিচ্ছেন তিনি।
আইপিএলে দল পাওয়া সাকিব ও লিটনকে নিয়েই গতকাল টেস্টের দল ঘোষণা করে বিসিবি। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট নাকি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল-সাকিব ও লিটনের পরবর্তী গন্তব্য নিয়ে আলোচনা হচ্ছে বেশ কিছুদিন ধরেই। শেষ পর্যন্ত গতকাল নিশ্চিত হয়, টেস্ট খেলবেন তারা।
গত ৩১ মার্চ চট্টগ্রামে সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হন সাকিব। গতকাল বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ম্যাচও খেলেন সাকিব। ব্যাটিংয়ে ৯ বলে ৫ রান করার পর বোলিংয়ে ১০ ওভারে ৩১ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। অবশ্য ম্যাচ শেষ হওয়ার আগেই হেলিকপ্টারে ঢাকা ফিরে আসেন তিনি, একটি অনুষ্ঠানে যোগ দেন এরপর। মোহামেডান ম্যাচটি জেতে ২২ রানে।








