৩৬ বছর পর কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাল আর্জেন্টিনা। সেই ১৯৮৬ সালে কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোনার হাত ধরে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
এরপর একে একে ৩৬টি বছর পার হয়ে গেলেও শিরোপার স্বাদ পাওয়া হয়নি আলবিসেলেস্তেদের। অবশেষে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসির হাত ধরেই দীর্ঘদিনের খরা কাটাল লিওনেল স্কালোনির শিষ্যরা।
টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়েছে মেসির আর্জেন্টিনা। দুর্দান্ত ফাইনালে অবসান টাইব্রেকারে। যেখানে জিতে বিশ্বকাপ নিয়ে গেল আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও ট্র্যাজিক হিরো থাকতে হল কিলিয়ান এমবাপ্পেকে।
এদিকে মেসির সুখ-দুঃখের সঙ্গী হয়ে সবসময় তার পাশে ছিলেন আন্তনেল্লা রোকুজ্জো। টানা ৩ বিশ্বকাপে হেরে যখন বিদায় নিয়েছিলেন তখনও মেসিকে পাশে থেকে শক্তি জুগিয়েছেন। মেসি বারবারই তার কথায় পরিবার, স্ত্রী ও সন্তানদের সবকিছুতে, সবার আগে স্থান দিয়েছেন।
৩৬ বছর পর বিশ্বকাপ জয়। মেসির মতো তার পরিবারও আনন্দ অশ্রুতে চোখ ভাসিয়েছেন। ট্রফি জয়ের পর সেই মাহেন্দ্রক্ষণ আটকে রাখতে মেসি হয়ে গেলেন ফটোগ্রাফার। তবে কার ছবি তুলছেন? নিজের স্ত্রীর।








