গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য বাড়ীতে রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার চিলাহাটি কাওলার বাজার চৌকিদারের মোরে ঘটনাটি ঘটে। অসুস্থরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন চিলাহাটি কাওলা এলাকার বাসিন্দা আলমের স্ত্রী মর্জিনা বেগম (৩৫) এবং তাদের দুই ছেলে স্বাধীন (১৭) ও ফাহিম ইসলাম (৭)। স্থানীয়রা জানান, আলু ক্ষেতে দেওয়ার জন্য কীটনাশক আনা হয়েছিল। স্যালাইন ও কীটনাশক একসঙ্গে থাকার কারণে ভুলবশত দুটোই পানিতে গুলিয়ে ইফতারের সময় পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশী ও স্বজনদের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।








