গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া এসসি উচ্চ বিদ্যালয়ের ৪টি পদে গোপনে নিয়োগ দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসী।
জানা গেছে, বামুনিয়া এসসি উচ্চ বিদ্যালয়ের চারটি পদে কম্পিউটার ল্যাব, অফিস সহায়ক, আয়া ও ঝাড়ুদার শুন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান। নিয়োগ পরীক্ষার অংশ হিসেবে কাউকে না জানিয়ে মঙ্গলবার সকাল ৭টার দিকে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করে মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম। বিষয়টি পরে জানাজানি হলে ক্ষিপ্ত হয়ে উঠে ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসী। গোপন নিয়োগ বাতিলের দাবিতে বুধবার দুপুরে এলাকাবাসী বামুনিয়া কাচারি বাজার এবং বিদ্যালয় প্রাঙ্গনে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা অফিসারের শাস্তির দাবি জানান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবু কালাম আজাদ জানান, ২৩ জানুয়ারি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে আমরা কিছুই জানিনা। সকালে এসে জানতে পারি সকাল ৭ঘটিকার সময় প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষা সম্পন্ন করে। তারা তাদের পছন্দমত প্রার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে গোপনে নিয়োগ দেয়ার চেষ্টা করছেন। প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, গত ২০জানুয়ারী নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ২৩জানুয়ারী একটি ট্রেনিং কোর্স ছিল।
গত ২০ এবং ২৩জানুয়ারী অনুষ্ঠিত কথিত নিয়োগ পরীক্ষার ব্যাপারে ওই বিদ্যালয়ের অন্যান্ন শিক্ষকবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ কেহই কিছুই জানেন না বলে এ প্রতিনিধিকে জানান। এমনকি টিআর শিক্ষকবৃন্দ কিছুই জানেন না। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম জানান, গত ২০জানুয়ারী নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ২৩জানুয়ারী প্রার্থীদের ডেকে পুনরায় তাদের কাগজপত্র যাচাই করা হয়েছে। এ নিয়োগ না টিকলে পুনরায় নিয়োগ হবে। একই পদের প্রার্থী নিয়ে ম্যানেজিং কমিটির সদস্যদের মাঝে দ্বন্দ্ব রয়েছে তাই অভিযোগ করেছেন। এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি রনজিত অধিকারী দিলিপের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
Views: 410
Related