ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় অনুষ্ঠিত হলো দেশের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।
মঙ্গলবার বিকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন উন্মুক্ত মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীদের পুরস্কার হিসেবে একটি করে খাসি (ছাগল) ও দ্বিতীয় স্থান অর্জন কারীদের পুরস্কার হিসেবে একটি করে টেলিভিশন উপহার দেওয়া হয়েছে। এছাড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকলকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
ঐতিহ্যবাহী খেলাটি উপভোগ করতে বিপুল সংখ্যক পুরুষ, মহিলা ও সকল বয়সী দর্শকের উপস্থিতি লক্ষ করা গেছে।
প্রতিযোগিতায় এ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন বগুড়ার মামুন ইসলাম ও দ্বিতীয় স্থান অর্জন করেন পাঁচপীরের রেজা সরকার, বি গ্রুপে প্রথম স্থান অর্জন করেন ডোমারের আব্দুল হাদি, দ্বিতীয় হয়েছেন ঝাড়বাড়ির মমিনুর রহমান এবং সি গ্রুপে প্রথম স্থান অর্জন করেন বগুড়ার জহুরুল ইসলাম ও দ্বিতীয় হয়েছেন একই এলাকার আব্দুল মালেক সরকার।
প্রতিযোগিতায় ১৬রাউন্ডে উত্তরাঞ্চলের ১৬জেলা থেকে ৪৮জন ঘোড়া সোয়ারী তাদের বলবান সুদর্শন ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।
ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজনকারী আলহাজ্ব আব্দুল্লাহ হেল কাফির সভাপতিত্বে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পরিষদ সদস্য মনজুর আহমেদ ডন, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, প্রাক্তন শিক্ষক আব্দুল মালেক, সমাজসেবক মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
খেলা আয়োজনকারী আব্দুল্লাহ হেল কাফি বলেন, এবারে তৃতীয় বারের মতো এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় লক্ষাধিক মানুষের উপস্থিতি দেখা গেছে। সবাই খুব আনন্দ পেয়েছে। আমরা প্রতি বছর এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করি। মাঝখানে করোনার কারনে দু বছর বন্ধ ছিল।






