গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে লাইসেন্স ছাড়াই বিএডিসির সার বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার গোমনাতী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। এ-সময় নুর আলম নামের এক সার ব্যবসায়ীর নিকট থেকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নুর আলম মৃত লুৎফর রহমানের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে প্রসিকিউটির হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও সহযোগিতা করেন থানা পুলিশের একটি টিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ৮(২) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের গোমনাতি নামক এলাকায় অভিযান চালিয়ে নুর আলম স্বত্বাধিকারী মেসার্স আলম এন্ড সন্সকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬এর ৮(২)ধারা লঙ্ঘন করে নিবন্ধন ব্যতিত সার সংরক্ষণ ও বিতরণ/ বিক্রির অপরাধ করায় তাৎক্ষণিক ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযুক্ত ব্যাক্তি দোষ স্বীকার করায় তাকে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে। তিনি আরও জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা ও সার কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, মঙ্গলবার বিকেলে চোরাবাজারে সার বিক্রির সময় চিলাহাটি বাজারে ৫০বস্তা সার আটক করে ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের গোডাউনে জমা রাখে এলাকাবাসী।








