ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ২০টাকা মূল্যের ওষুধের পাতা ৫০টাকা করে বিক্রি করায় ক্রেতা বিক্রেতার মধ্যে বাক বিতন্ডা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে, শনিবার ডোমার উপজেলা পরিষদ মোড়ের নুর ফার্মেসীতে।
জানা গেছে, শরীরে জ্বর ও ব্যাথার জন্য পূর্ব চিকনমাটী গ্রামের মৃত মকবুলার রহমানের ছেলে তহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ডোমার উপজেলা মোড়স্থ নুর ফার্মেসীতে কম্বোজিক ৭০০ নামের ওষুধের পাতা ৫০টাকা করে কিনে নিয়মিত সেবন করে আসছেন।
শনিবার সকালে তার দোকান বন্ধ থাকায় তহিদুল ইসলাম ডোমার বাজারে ওষুধ কিনতে যায়। সেখানেই তিনি জানতে পারেন ওই ওষুধের পাতার মুল্য ২০টাকা। এ নিয়ে তহিদুল ইসলাম নুর ফার্মেসীর মালিক নুর হোসেনের কাছে জানতে চাইলে তার সাথে বাক বিতন্ডা শুরু হয়। পরে এলাকাবাসী প্রতিবাদ জানালে নুর হোসেন দোকান বন্ধ করে পালিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী তহিদুল ইসলাম জানান, আমি দীর্ঘ এক বছর যাবত নুর ফার্মেসীতে ওষুধ কিনে খাই। আমার কাছে প্রতি পাতা ৫০টাকা করে নেন। শনিবার সকালে তার দোকান বন্ধ থাকায় ডোমার বাজারে ওষুধ কিনতে গিয়ে জানতে পারি এক পাতা ওষুধের দাম ২০টাকা।







