আগামী ৩০ অক্টোবর রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ১৪ দল।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে ১৪ দলের সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক আমির হোসেন আমু।
জোটবদ্ধ হয়ে ১৪ দল দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে জানিয়ে আমু বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলে বিভিন্ন যে তৎপরতা, এটা আমাদের দেশের মানুষের কাম্য নয়। আমাদের দেশেরও একটা পক্ষের সংবিধানবিরোধী কার্যক্রমে মনে হয় তাদেরই অনুসরণ করছে। দেশি কিংবা বিদেশি শক্তির অপতৎপরতায় কিছুই হবে না। সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন হবে। ১৪ দল জোটগতভাবেই নির্বাচনে অংশ নেবে।
১৪ দলীয় জোটের সমন্বয়ক বলেন, আমাদের দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এ ধারা অব্যাহত থাকা দরকার। এজন্য সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে। এতে আমাদের জোটের সমর্থন আছে। আমরা চাই, সংবিধান অনুযায়ী নির্বাচন হোক। নির্বাচনসহ যাই হোক, সংবিধানের মধ্যে থেকে হতে হবে। সংবিধানবিরোধী যেকোনো তৎপরতা আমরা প্রতিহত করব।
বৈঠকে অংশ নেন জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ ১৪ দলের শীর্ষ নেতারা।







