মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে আসন্ন ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যানজট নিরসনে টাঙ্গাইল
জেলা পুলিশের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) টাঙ্গাইল পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের আয়োজনে এ সংক্রান্ত এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
জেলা পুলিশের সংবাদ বিঙ্গপ্তি থেকে জানা যায়, পুলিশ সুপার ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থা জোরদারের নির্দেশনা দেন। তিনি মহাসড়কে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বিকল্প সড়ক ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া মহাসড়ক এলাকায় শৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়ে পুলিশ সুপার বলেন, “ঈদযাত্রায় কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা ছিনতাইয়ের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। জনগণ যেন নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।” ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা। এছাড়া জেলার সকল সার্কেল কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে দায়িত্ব পালনকারী বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
Views: 156
Related