সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যুক্ত বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া নৃশংস হত্যাকান্ডের বিচার ও যথাযথ ক্ষতিপূরণের পাশাপাশি ক্যাম্পাসে যান চলাচলের গতিসীমা নির্ধারণের দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন “ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের সামনে গাড়ির ধাক্কায় মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে গাড়ির বাম্পারের সাথে আটকে যান রুবিনা হক নামের এক নারী। কিন্তু চালক গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে নীলক্ষেত পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে এক মর্মান্তিক হত্যাকান্ডের সাক্ষী হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ নির্মম ঘটনার সাথে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আজহার জাফর শাহ। ছাত্রদের নিরাপদ সড়কের দাবিকে উপেক্ষা করে প্রতিদিনই সড়কে ঝরছে অসংখ্য প্রাণ। যা রাষ্ট্রীয় কাঠামোগত হত্যাকান্ডের সামিল। গতকাল সংঘঠিত এ হত্যাকান্ডের দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। কারণ এ ঘটনা বিচ্ছিন্ন নয় বরং যে ধরনের পরিবেশ বিশ্ববিদ্যালয়ের রাস্তায় তৈরি করে রাখা হয়েছে এ তারই বহিঃপ্রকাশ। ”
নেতৃবৃন্দ অবিলম্বে রুবিনা হক হত্যাকান্ডের বিচার ও যথাযথ ক্ষতিপূরণ দাবি করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচলের গতিসীমা নির্ধারণ, গতিসীমা অনুযায়ী যান চলাচল নিশ্চিত করতে গতিসীমা চিহ্নিত সাইবোর্ড এবং স্পিড ক্যামেরা ইনস্টল করার দাবি জানান।







