শামীম খান | ক্রাইম রিপোর্টার
গাজীপুরের কাশিমপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, মারধর, অবরুদ্ধ করে রাখা এবং মোবাইল ফোন থেকে তথ্য-প্রমাণ মুছে ফেলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ মামলার অন্য আসামিরা এখনও পলাতক রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সাংবাদিকদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মো. আনোয়ারুল (৩০)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি কাশিমপুর থানার বারেন্দা মোল্লা মার্কেট এলাকার বাসিন্দা। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ২২ জুন বিকেলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে একটি বহুতল ভবনে অনৈতিক কার্যকলাপের বিষয়ে তথ্য সংগ্রহ করতে যান কয়েকজন গণমাধ্যমকর্মী। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাতে ধারণ করা তথ্য-প্রমাণ মুছে ফেলে, মারধর করে এবং কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করে। এ ঘটনায় সাংবাদিক আলমগীর হোসেন কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কাশিমপুর থানা পুলিশ জানিয়েছে, মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পলাতকদের দ্রুত আইনের আওতায় আনতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
এ ঘটনায় সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা জড়িত সকলের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, সংবাদ সংগ্রহকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা শুধু ব্যক্তি সাংবাদিকের ওপর আঘাত নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার ওপরও গুরুতর হুমকি।







