জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সব দলের প্রস্তুতির জন্য ভালো হয়—এমন সময়ে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি অসুস্থ রয়েছেন। এছাড়া রাজনৈতিক একটি সংকট রয়েছে। সার্বিক দিক বিবেচনায় নিয়ে যেন তফসিল ঘোষণা করা হয়-আমরা কমিশনকে এ কথা বলেছি।
তফসিল প্রসঙ্গে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, তফসিল কবে ইসি আমাদের সুস্পষ্টভাবে জানায়নি। তবে আগামী এক-দুই সপ্তাহের মধ্যে ইসি তফসিল দেবে। আমরা বলেছি, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যেন তফসিল ঘোষণা করা হয়।
তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে আমাদের উদ্বেগ এখনো রয়েছে। পুরনো প্রক্রিয়ায় নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমরা এটির বিরোধিতা করেছি। আমরা বলেছিলাম, সংস্কার প্রস্তাবনা অনুযায়ী কমিশন গঠিত হওয়া উচিত ছিল। কিন্তু আমরা তো নির্বাচনের পথেও এগোতে চাই। যেহেতু বিদ্যমান বাস্তবতা অনুযায়ী সরকার এটি করেছে, সেজন্য আমরা আর সে বিষয়ে কঠোর হইনি।







