লক্ষ্মীপুর : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছরের রাজনীতির ট্রেন্ড আর চলবে না। নতুনভাবে মানুষকে আশ্বস্ত করতে হবে। তারেক রহমান একটা নতুন রাজনীতি উপহার দেবেন, নতুন একটা সমাজব্যবস্থা উপহার দেবেন। আমরা তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি চৌধুরী বলেন, তারেক রহমান জিয়ার স্বপ্ন লালন করেন। খালেদা জিয়ার আপোষহীন স্টাইলে কাজ করার চিন্তা করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথাবার্তা, বডি ল্যাংগুয়েজ, বক্তব্য চেঞ্জড। সুতরাং আগের রাজনীতি চলবে না। তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়তে হবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। এটা আমাদের অধিকার, প্রত্যয়।
তিনি আরও বলেন, রাজনীতি করি, নেতৃত্ব দিই, ইনকাম করার জন্য? না, এটা চলবে না। রাজনীতি করবেন সেবা করার জন্য, সম্মানের জন্য। পদ যদি নিতে চান, পদ নেবেন। পদের পেছনে কী কাজ করতে হবে, কী দায়িত্বগুলো পালন করতে হবে, তা বুঝে নেবেন, বুঝিয়ে দেবেন। এটা তারেক রহমানের কথা। কেউ নেতা হয়ে মোড়লগিরি করব এই ভাব থেকে সরে আসতে হবে। কারণ আমরা (বিএনপি) দেশ গড়ার চ্যালেঞ্জ হাতে নিয়েছি তারেক রহমানের নেতৃত্বে।
রামগতি পৌর বিএনপির আহ্বায়ক সাহেদ আলী পটুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমেদ আযম খান ও প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।
রামগতি উপজেলা বিএনপির সদস্য সচিব সিরাজ উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহেদ উদ্দিন হ্যাপি ও রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন প্রমুখ।







