সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাস উপজেলায় আসমানিয়া বাজার সংলগ্ন গোমতী নদীতে অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ীদের সিন্ডিকেটের দৌরাত্ম্য চরম আকার ধারণ করেছে। প্রভাবশালী রাজনৈতিক মহলের ছত্রছায়ায় পরিচালিত এই অবৈধ কর্মকাণ্ডে নদীর তীরবর্তী সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বর্তমানে জিম্মি হয়ে পড়েছেন। অভিযোগ উঠেছে, প্রশাসনের রহস্যজনক নীরবতায় জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন সৃষ্টি হয়েছে।
হুমকির মুখে সরকারি জিও ব্যাগ প্রকল্প:
স্থানীয় সূত্রে জানা গেছে, আসমানিয়া বাজার এলাকায় গোমতী নদীর পাড় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড ইতিপূর্বে বিপুল অর্থ ব্যয়ে জিও ব্যাগ ফেলে প্রতিরক্ষা কাজ সম্পন্ন করেছিল। তবে বালু সিন্ডিকেটের বেপরোয়া ড্রেজিং ও বালু উত্তোলনের ফলে সেই কোটি টাকার প্রতিরক্ষা কাজ এখন ধসে যাওয়ার উপক্রম হয়েছে। সরকারি সম্পদ নষ্ট করে কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে এই বালু উত্তোলনের ‘মহোৎসব’।
জনমনে আতঙ্ক ও সামাজিক অবক্ষয়:
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, বালু সিন্ডিকেটের সদস্যরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। নদীর তীরের বাসিন্দা ও বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন। সিন্ডিকেটের এই অবৈধ বাণিজ্যের কারণে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে ড্রেজার ব্যবসার সঙ্গে জড়িয়ে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে।
আজ সোমবার (২ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা গেছে, এলাকায় ব্রিজ নির্মাণ কাজ চলমান থাকার সুযোগ নিয়ে নদীর দুপাশে ড্রেজার বসিয়ে বালু লোড-আনলোড করা হচ্ছে। ড্রেজারের বিকট শব্দ এবং নদী পাড় ভাঙার হুমকিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, এই বালু বাণিজ্যকে কেন্দ্র করে একটি রাজনৈতিক মহল চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তুলেছে। এই টাকার ভাগাভাগি নিয়ে এলাকায় গ্রুপিং ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, যা সরাসরি সামাজিক পরিবেশকে কলুষিত করছে।
প্রশাসনের নীরবতায় ক্ষোভ:
দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চললেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। এলাকাবাসীর দাবি, প্রশাসনের এই নির্লিপ্ততা সিন্ডিকেট সদস্যদের আরও বেপরোয়া করে তুলেছে। স্থানীয় কয়েক হাজার বাসিন্দা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে এবং সরকারি স্থাপনা রক্ষায় প্রশাসনের ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ।
সব মিলিয়ে সর্বোচ্চ ভোগান্তি, আতঙ্ক ও মানবেতর জীবনযাপন করছে আসমানিয়া বাজার সংলগ্ন এলাকার বাসিন্দারা। ভুক্তভোগী এলাকাবাসী অনতিবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং এই অবৈধ বালু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
মো: সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদতা।
Views: 180
Related