সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি বাজারে বিএনপি’র নতুন কার্যালয় নির্মাণ নিয়ে ওঠা ‘দখল’ সংক্রান্ত অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে উপজেলা বিএনপি।
দলটির শীর্ষ নেতৃত্বের দাবি—কোনো সরকারি জমি বা আওয়ামী লীগের অফিস দখল নয়, বরং আইনি প্রক্রিয়া মেনে ব্যক্তিমালিকানাধীন জায়গা ভাড়া নিয়ে বিধি মোতাবেক এই নির্মাণ কাজ পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে এক যৌথ বিবৃতিতে তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া বলেন, আমরা দখলদারিত্বের রাজনীতিতে বিশ্বাসী নই। আওয়ামী লীগের সাবেক কার্যালয়টি যেখানে ছিল, আমাদের নতুন নির্মাণাধীন কার্যালয়টি সেখান থেকে প্রায় ৩০ ফুট দূরত্বে।
আমরা জমির প্রকৃত মালিকের কাছ থেকে সব বৈধ কাগজপত্র যাচাই করে জায়গাটি ভাড়া নিয়েছি। কোনো ব্যক্তি তার নিজস্ব জায়গা রাজনৈতিক কার্যালয়ের জন্য ভাড়া দিলে সেখানে অফিস করা কোনো অপরাধ নয়। একটি কুচক্রী মহল আমাদের সুসংগঠিত অবস্থান দেখে ঈর্ষান্বিত হয়ে এই অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা-র মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এমনকি খুদে বার্তা (SMS) পাঠিয়েও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা গেছে, আওয়ামী লীগের সাবেক সেই পুরনো স্থাপনাটি বর্তমানে নেই। তবে সেই স্থান থেকে ৩০ ফুট দূরে একটি ব্যক্তিগত মালিকানাধীন জায়গায় নতুন ভবনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
বাজারের ব্যবসায়ীরা জানান, জমির মালিকের সাথে পূর্ণ সমঝোতার ভিত্তিতে কাজ চলায় কোনো বিশৃঙ্খলা বা জোরজবরদস্তির ঘটনা ঘটেনি। বিএনপি নেতৃবৃন্দ স্পষ্ট করেছেন, আওয়ামী লীগের করা ভুল বা দখলের সংস্কৃতিতে তাঁরা বিশ্বাস করেন না; বরং নিয়মতান্ত্রিক পথেই স্থায়ী সাংগঠনিক ঠিকানা গড়ছেন।
মো: সাকিব হোসেইন, তিতাস কুমিল্লা সংবাদদাতা।
Views: 107
Related