রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের নাখালপাড়া এলাকায় ‘সুইসাইড নোট’ লিখে সুস্মিতা সাহা নামে এক নারী চিকিৎসক ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে নাখালপাড়া এলাকায় এক বান্ধবীর বাসায় ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ইম্পালস হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, মৃত নারী চিকিৎসক সুস্মিতার গ্রামের বাড়ি জামালপুর সরিষাবাড়ির আরামনগর বাজারে।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। তার বান্ধবীর বাসা থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, তিনি মিরপুর ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করেছেন। কারো সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সে কারণেই ঘুমের ওষুধ খান। অসুস্থ হয়ে পড়লে তার এক আত্মীয় ইম্পালস হসপিটালে নেয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি গত এক মাস ধরে নাখালপাড়ায় এক বান্ধবীর বাসায় থাকতেন।
ঘুমের ওষুধ খাওয়ার আগে তিনি চিরকুট লিখে গেছেন, যা পুলিশ হেফাজতে রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া চিরকুটে লিখা ছিল, ‘….একবার আমার মুখটা দেখো। আমি একবার তোমাকে দেখতে চাই। ওষুধ এ রিয়েকশন শুরু হয়ে গেছে। তোমার সুখ, তোমার পাশে অন্য কাউকে দেখে আমার বাঁচা সম্ভব না। কোথাও আমাকে পেলে অপরিচিত হয়ে এড়িয়ে যেতে। সুখী হও।’








