দিঘীনালায় মাইনী নদীতে ফুল অর্পণের মাধ্যমে বিঝু উৎসব শুরু
মো.মাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দিঘীনালা উপজেরায় পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী উৎসব বিজু উৎসব ফুল অর্পণের মধ্য দিয়ে শুরু হয়েছে। চাকমা সম্প্রদায়ের সবচেয়ে বড় এ উৎসবকে ঘিরে ভোরের আলো ফোটার আগেই মাইনী নদীর তীরে জড়ো হন বিভিন্ন বয়সী নারী-পুরুষ।
আজ রবিবার ভোর ৫টা থেকে চাকমা সম্প্রদায়ের মানুষরা হাতে নানা রঙের ফুল নিয়ে মাইনী নদীতে আসতে থাকেন । পরে নদীর জলে ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নেন।
তাদের বিশ্বাস, ফুল ভাসানোর এই আয়োজন এর মধ্য দিয়ে বিগত বছরের সব দুঃখ-কষ্ট নদীর স্রোতে ভেসে যায় এবং নতুন বছর বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধি। এ সময় নদীর পাড়ে এক মনোরম ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিঝু উৎসবের এই প্রথা চাকমা সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ, যা প্রতি বছরই আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়ে আসছে।







