সফরের একমাত্র টেস্টে জিততে হলে রেকর্ডই গড়তে হবে আফগানিস্তানকে। মিরপুরে চতুর্থ ইনিংসে সফল তাড়ার সর্বোচ্চ ইনিংস ২০৯ রানের, যা ২০১০ সালে ইংল্যান্ড খেলেছিল।
৮০ ওভার শেষ, আফগানিস্তান চাইলে নতুন বল নিতে পারবে- এমন সময়ে ইনিংস ঘোষণা করে দিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামল ৪ উইকেটে ৪২৫ রানে।
এর আগে প্রথম ইনিংসের ২৩৬ রানে এগিয়ে থাকায় দুই ইনিংস মিলিয়ে লিড দাঁড়িয়েছে ৬৬১ রানে। জিততে হলে আফগানিস্তানকে তুলতে হবে ৬৬২ রান।
দুই প্রান্ত থেকে স্পিনারদের ৩ ওভার পরই আলোকস্বল্পতায় দিনের খেলার শেষ ঘোষণা করলেন আম্পায়াররা। ৬৬২ রানের লক্ষ্যে প্রথম ২ ওভারে ২ উইকেট হারানোর পর আফগানিস্তান দিন শেষ করেছে ২ উইকেট হারিয়েই ৪৫ রান নিয়ে।
যদিও অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি উঠে গেছেন তাসকিন আহমেদের বাউন্সারে হেলমেটে আঘাত পেয়ে। বাকি দুই দিনে আফগানিস্তানের প্রয়োজন ৬১৭ রান, বাংলাদেশের চাই ৮ উইকেট।






