দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে জমি-জমা নিয়ে সৃষ্ট পূর্ব বিরোধের জেরে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
মামলার নথি এবং একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামের মোসাঃ শিল্পী আক্তারের (২৭) সঙ্গে একই গ্রামের আনিছ হাওলাদারের (৪২) উত্তর মুরাদিয়া মৌজার জেএল নং-২৭, বিএস খতিয়ান নং-৩২২, দাগ নং-৯ এর জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ পূর্ব বিরোধ রয়েছে। এর জের ধরে গত ৩১ আগস্ট আনুমানিক সকাল ৭টার দিকে জমিতে বীজ বপনকে কেন্দ্র করে উভয় পক্ষ মারামারিতে লিপ্ত হয়। এ ঘটনায় মোকাম পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত, দুমকিতে আনিছ হাওলাদারকে প্রধান আসামিসহ ৫ জন এবং অজ্ঞাত ৪/৫ জন উল্লেখ করে একটি সিআর মামলা দায়ের করা হয়। যার নং-১২৩/২০২২। এদিকে ঘটনাস্থলে সরেজমিনে অনুসন্ধান এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে জানা গেছে, এই মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে একই এলাকার আনোয়ার ফরাজীর ছেলে অটোচালক মোঃ আরিফ ফরাজী (৩৪) কে অহেতুক হয়রানি করতে ২নং আসামি করা হয়েছে।
মোঃ আরিফ ফরাজী বলেন, আমি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নই। তব্ওু আমাকে ফাঁসাতে এই মামলায় আসামি করা হয়েছে। মামলার বাদি শিল্পী আক্তারের সঙ্গে আমার কোন বিরোধ নেই। আমি দিন আনি দিন খাই। কে বা কারা অতিউৎসাহী হয়ে তার মাধ্যমে আমাকে এই মামলায় আসামি করেছে আমার তা জানা নেই। এই ঘটনার সংগ্রহকৃত ভিডিও ফুটেজের কোথাও আমি নেই। ঘটনার দিন আমি এলাকায় ছিলামও না। আমি যেহেতু ঘটনার সঙ্গে জড়িত নই সেহেতু সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মামলা হতে অব্যাহতি আকুল আবেদন জানাচ্ছি। মামলার বাদি শিল্পী আক্তারের বক্তব্য জানতে গত কয়েকদিন ধরে তার মোবাইলে কল দেয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
#








