দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে যুবদলের নতুন উপজেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদ বঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করার অভিযোগ তুলে বুধবার(২৬ আগস্ট) বিকেলে উপজেলার নতুন বাজারের মামুন মার্কেটের সামনে থেকে ঝাড়ু মিছিলটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন শম্ভু।
বক্তারা অভিযোগ করেন, “ফ্যাসিস্ট সরকারের সময়ে যারা আওয়ামী লীগ নেতার বাসার কেয়ারটেকার ছিলেন এবং জাতীয় পার্টির নেতা এবিএম রুহুল আমিন হাওলাদারকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছিলেন, তাঁদের দিয়ে গঠিত কমিটি তৃণমূলের নেতাকর্মীরা মেনে নেবেন না।” তাঁরা কমিটি গঠনের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে নতুন কমিটি দেওয়ার দাবি জানান।
এদিকে, বিকেল ৬টার দিকে নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল নিয়ে দুমকি উপজেলা শহরে প্রবেশের চেষ্টা করেন কমিটির সমর্থকেরা। নবগঠিত ও পদ বঞ্চিত দুপক্ষে অবস্থান করলে দুমকি থানা অফিসার ইনচার্জ এর হস্তক্ষেপ এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে সন্ধ্যায় উপজেলার লেবুখালীর ভার্সিটি স্কয়ারে নবগঠিত কমিটির সভাপতি মো. জাকির আলম মিলন ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেল এর নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
কমিটি নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি ও উত্তেজনার বিষয়ে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, কমিটিতে জাকির আলম মিলনকে সভাপতি, মিজানুর রহমান লাল মিয়াকে সিনিয়র সহসভাপতি, মো. সাইদুর রহমান খানকে সহসভাপতি, মো. জাহিদুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক, মো. মাইনুল ইসলাম সোহেলকে সিনিয়র যুগ্ম সম্পাদক এবং মো. কামাল তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
##
মো.সুমন মৃধা
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি
Views: 141
Related