লক্ষ্মীপুরে অনুমোদন না থাকা ও পরিবেশ আইন অমান্য করে পরিচালনার দায়ে চারটি ইটভাটার মালিককে মোট সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ইটভাটাগুলোয় অভিযান চালানো হয়।
দণ্ডিত চারটি ইটভাটার মধ্যে রামগতি উপজেলায় আল্লাহর দান ও একতা ব্রিক্সসকে দুই লাখ করে ৪ লাখ, সদর উপজেলার ভবানীগঞ্জের এমবি ব্রিক্সকে ১০ লাখ ও কমলনগর উপজেলায় আকাশ ব্রিক্সকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন ও লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুনুর রশিদের নেতৃত্বে আজ বিকেলে আল্লাহর দান ও একতা ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও আইন অমান্য করায় দুই ইটভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সময়ে মোহাম্মদীয়া ইটভাটার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এর আগে কমলনগর উপজেলায় আকাশ ইটভাটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামছুদ্দিন মো. রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় একই অভিযোগে ওই ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সদর উপজেলার ভবানীগঞ্জের এমভি ইটভাটার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুনুর রশিদ বলেন, ‘লক্ষ্মীপুর জেলায় ১২৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৬০টির বৈধ কাগজপত্র থাকলেও বাকি ৬৫টি অবৈধভাবে পরিচালনা করে আসছে। পরিবেশ আইন অমান্য করায় এবং অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অপরাধে চারটি ইটভাটার মালিককে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’
রামগতি উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন বলেন, ‘একতা ও আল্লাহর দান নামে দুইটি ইটভাটার কোনো অনুমোদন না থাকায় ও আইন অমান্য করে ভাটা পরিচালনা করার দায়ে দুইটি ইটভাটাকে ২ লাখ করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্য যেসব অবৈধ ইটভাটা রয়েছে, সেগুলোর বিরুদ্ধেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’








