এম এ হোসেন, রংপুর: দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত নাজুক বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, দেশে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল, সামনে নির্বাচন। কিন্তু আমরা এখন পর্যন্ত কিছুই বুঝতে পারছি না। নির্বাচনে সব দল অংশ নেবে কি না, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না তা বুঝতে পারছি না। সোমবার (৩ অক্টোবর) বেলা ২টায় রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। পাঁচ দিনের সফরে ঢাকা থেকে দুপুর সাড়ে ১১টায় সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান জি এম কাদের। সেখান থেকে সড়কপথে রংপুর সার্কিট হাউজে পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। এরপর তিনি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের মাজার জিয়ারত করেন। আগামী রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফাকে দল থেকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।








