সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তাজউদ্দীন আহমদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি।
তিনি জানান, ‘সোহেল তাজের বিদেশযাত্রা বাধা দেওয়া হয়েছে।’ কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, “সম্ভবত বুধবার।”
অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশত্যাগ করতে পারেননি।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালেও একই আসনে পুনরায় এমপি হন তিনি।
২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে একই বছরের ৩১ মে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি।







