বলিউডের মুখরা রমণী হিসেবে পরিচিত কঙ্গনা রানাউয়াত। কাউকে ছেড়ে কথা বলেন না তিনি। যখন তখন সামাজিক মাধ্যমে যাকে তাকে খোঁচা দেন। তবে এবার ভিন্ন চিত্র দেখা গেল। হাসপাতাল থেকে নবজাতক কোলে সুখবর দিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
কঙ্গনার ভাই অক্ষত রানাউয়াত ও তার স্ত্রী ঋতুর কোলজুড়ে এসেছে পুত্র সন্তান। ভাইয়ের সদ্যজাত সন্তানের জন্যই অভিনেত্রী ছুটে যান হাসপাতালে। নতুন অতিথিকে কোলে নিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন।
সামাজিক মাধ্যমে নিজেই প্রকাশ করেছেন নবজাতকের সঙ্গে ছবি। সেখানে দেখা গেছে মা ও বোনের সঙ্গে পরিবারের নতুন সদস্যকে কোলে নিয়ে কঙ্গনা। চোখের জল যেন বাঁধ মানছে না তার। অনুপম খের, মহিমা চৌধুরী থেকে বলিউডের অনেকেই জানিয়েছেন শুভেচ্ছা।
গত জুলাই মাসে সুখবরটা প্রথম জানান কঙ্গনা। সেসময় বৌদি ঋতুর সাধের ছবিও দিয়েছিলেন তিনি। সাধের অনুষ্ঠানে দিদি রঙ্গোলির সঙ্গে নাচতে দেখা যায় অভিনেত্রীকে। এবার নতুন অতিথির আগমনের আনন্দে কেঁদে ফেললেন অভিনেত্রী।








