নভেম্বরে নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে। দলীয় চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর নিশ্চিত করেছেন এ তথ্য।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যেই ঢাকায় ফিরবেন তারেক রহমান। ১৭ বছর পর দেশে ফিরতে যাচ্ছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার বড় ছেলে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ঢাকায় ফিরে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই থাকবেন। বাড়িটিতে চলছে সংস্কার কাজ। বাইরে নতুন রঙের প্রলেপ, ভেতরে চলছে সাজসজ্জা। বাড়ির চারপাশে নিরাপত্তা বেষ্টনী হিসেবে দেওয়া হয়েছে কাঁটাতারের বেড়া।
অন্যদিকে, গুলশান–২ এর ৮৬ নম্বর রোডে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েও চলছে সংস্কার ও নিরাপত্তা জোরদারের কাজ। সেখান থেকেই দেশে ফেরার পর দলীয় কার্যক্রম পরিচালনা করবেন তিনি।
ফজলে এলাহী আকবর বলেন, “বর্তমান ভূ–রাজনৈতিক পরিস্থিতি ও দেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপটে তারেক রহমানের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি, তাঁর নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স (এসএসএফ) দায়িত্ব পালন করবে।”
দলীয় সূত্র আরও জানিয়েছে, দেশে ফেরার আগে চলতি মাসে ওমরাহ পালনের পরিকল্পনা থাকলেও তা আপাতত স্থগিত করা হয়েছে। নির্বাচনের পর ওমরাহ পালনে যাবেন তারেক রহমান।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি ব্যবহারের অনুমোদন দিয়েছে। পাশাপাশি তাঁদের নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর চলতি ডিসেম্বরে প্রথমবারের মতো তিনি বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন।







