ঢাকা, ১২ মার্চ ২০২৩: অস্ট্রেলিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চার্লস ডারউইন ইউনিভার্সিটির (সিডিইউ) সঙ্গে
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) আজ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ এনএসইউ দ্বারা
আয়োজিত ‘উচ্চ শিক্ষায় টেকসই নেতৃত্ব’ শীর্ষক একটি সিম্পোজিয়ামের পর চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এনএসইউ এর শীর্ষ কর্মকর্তারা ছাড়াও চার্লস ডারউইন ইউনিভার্সিটির প্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট
স্টেকহোল্ডাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম তাঁর ডিন,
বিভাগীয় প্রধান এবং একাডেমিক প্রধানদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। চার্লস ডারউইন ইউনিভার্সিটির পক্ষে
উপাচার্য ও সভাপতি অধ্যাপক স্কট বোম্যান প্রতিনিধিত্ব করেন তাঁর উপ-উপাচার্য ও প্রশাসনিক প্রধানদের সাথে।
অনুষ্ঠানে প্রধান বক্তব্য প্রদান করেন জনাব মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম সচিব, এসডিজি বিষয়ক, প্রধানমন্ত্রীর
কার্যালয়, ঢাকা। প্রধান বক্তা তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, টেকসই শিক্ষা প্রবৃদ্ধি সবসময়ই বাংলাদেশ সরকারের
এসডিজি লক্ষ্যমাত্রার অন্যতম অগ্রাধিকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কো ঢাকার অফিসার
ইনচার্জ ড. সুসান মারি ভাইজ।
সিম্পোজিয়ামটির অন্যতম উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও গবেষণার সাথে এসডিজি এর লক্ষ্যসমূহ সমন্বয়
করা।
অধ্যাপক আতিকুল ইসলাম এই চুক্তিকে দুই দেশের মধ্যে অংশীদারিত্বের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে
উল্লেখ করেন। তিনি এসডিজি এর জন্য মানসম্পন্ন শিক্ষার প্রভাব এবং এসডিজি লক্ষ্য অর্জনে এনএসইউ কীভাবে
সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে তাঁর উপর জোর দিয়েছিলেন। তিনি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই পারস্পরিক অংশীদারিত্ব
অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যাপক স্কট বোম্যান, উপাচার্য, চার্লস ডারউইন ইউনিভার্সিটি তাঁর বক্তব্যে এনএসইউ এবং বাংলাদেশকে তাঁর
শুভেচ্ছা জানান এবং উল্লেখ করেন যে চার্লস ডারউইন ইউনিভার্সিটি সবসময় বাংলাদেশের সহায়ক অংশীদার হবে।
এনএসইউ’র স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক আবদুর রব খানের সঞ্চালনায়
শিক্ষার্থীরা ও অনুষদের সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করেন। এনএসইউ-এর এক্সটার্নাল অ্যাফেয়ার্স’র ডিরেক্টর, ড.
ক্যাথেরিন লি সকল অংশগ্রহণকারীদের স্বাগত জানান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এনএসইউর উপ-উপাচার্য
অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন।








