জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের গাড়িচালক নিয়োগের ক্ষেত্রে জেলা প্রশাসকগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ নির্ধারনের প্রস্তাব করবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক। প্রস্তাবের পক্ষে যুক্তি হিসেবে তিনি বলেন, জেলা পর্যায়ে গাড়ী চালকের শূন্য পদ কেন্দ্রীয়ভাবে পূরণ করা অনেক সময় সম্ভব হয় না। কেন্দ্রীয়ভাবে গাড়ী চালক নিয়োগের কারণে এক জেলার ড্রাইভার দুরবর্তী জেলায় পদায়ন করা হলে দুরবর্তী জেলা চাকরি করতে আগ্রহ থাকে না এবং বদলীর চেষ্টা করেন।
জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থদিনে মঙ্গলবার (৫ মার্চ) এই প্রস্তাব উপস্থাপন করবেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসারের স্বেচ্ছাধীন তহবিলে বছরে ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করবেন দিনাজপুরের জেলা প্রশাসক। প্রস্তাবের পক্ষে তিনি যুক্তি হিসেবে বলছেন, উপজেলা নির্বাহী অফিসারকে তার উপজেলার সকল মানুষের সাথে সুখ দুঃখের খোজ খবর রাখতে হয়। অনেক গরীব দুঃখী মানুষ তার কাছে বিশেষ বিশেষ সময়ে খাদ্য সাহায্য, কন্যাদায়গ্রস্ত পরিবারকে সাহায্য, অসুখ বিসুখে ওষুধ কেনার সহায়তা প্রদান করতে হয়। এসব কাজে সহায়তায় উপজেলা নির্বাহী অফিসারের নিজস্ব কোন স্বেচ্ছাধীন তহবিল না থাকায় ব্যক্তিগতভাবে সহায়তা প্রদান প্রয়োজন হয়। এক্ষেত্রে স্বেচ্ছাধীন তহবিলে ৫ লাখ টাকা বরাদ্দের প্রয়োজন বলে মনে করেন তিনি।
জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউজের নিরাপত্তায় ব্যাটালিয়ন আনসার সদস্য নিয়োগের প্রস্তাব করবেন নড়াইলের জেলা প্রশাসক। তার প্রস্তাবের পক্ষে তিনি বলছেন, বর্তমান প্রেক্ষাপটে নাইট গার্ড দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউজের নিরাপত্তা নিশ্চিত বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারি, রেকর্ড রুমের মূল্যবান রেকর্ড, নির্বাচনী মালামাল, রাষ্ট্রীয় গোপনীয় দলিল দস্তাবেজ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত, আদালতে আগত সেবাপ্রার্থী, বিজ্ঞ কৌসুলী এবং বিজ্ঞ বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়ন আনসার নিয়োগ দেওয়া প্রয়োজন।
এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের আশেপাশে দালাল/টাউট শ্রেণীর লোকজনের দৌরত্ব হ্রাস করতে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বিভিন্ন সভায় অংশগ্রহনে এবং সার্কিট হাউজে রাষ্ট্রীয় এবং বিদেশী অতিথিবৃন্দের রাত্রিযাপনে নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন।
সাংবাদিকদের জন্য যুগোপযোগী আচরণ বিধিমালাসহ আইন প্রণয়নের প্রস্তাব করবেন রাঙ্গামাটির জেলা প্রশাসক। তার প্রস্তাবের পক্ষে তিনি বলছেন, বর্তমান প্রেক্ষাপটে পত্রিকা, টেলিভিশন চ্যানেল, অনলাইন টিভি, অনলাইন পত্রিকার সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সাংবাদিকদের সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। ফলে তাদের যোগ্যতা, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, দেশপ্রেম ইত্যাদি বিষয়ে মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা রয়েছে। হলুদ সাংবাদিকতার প্রভাবে জনসাধারণ বস্তুনিষ্ঠ তথ্য প্রাপ্তিতে বিভ্রান্ত হবার আশঙ্কা দেখা দিয়েছে। মানসম্মত সাংবাদিক গড়ে তুলতে যুগোপযোগী আচরণ বিধিমালা জারির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
আগ্নিয়াস্ত্রের লাইসেন্স ফি বৃদ্ধির প্রস্তাব করবেন বাগেরহাটের জেলা প্রশাসক। তার প্রস্তাবের পক্ষে তিনি বলছেন, সরকারের ননট্যাক্স রাজস্ব আদায় বৃদ্ধি পাওয়া, আগ্নেয়াস্ত্রা লাইসেন্স ফি যুগোপযোগী না হওয়া এবং অহেতুক লাইসেন্স গ্রহণের প্রবণতা হ্রাস পাবে।
সাজা উত্তীর্ণ বিদেশি বন্দিদের দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দেশের নিকট হস্তান্তরের প্রস্তাব দিয়েছেন ফেনীর জেলা প্রশাসক। প্রস্তাবের পক্ষে তিনি বলেন, সাজা উত্তীর্ণের পরও ফেনী জেলাখানায় ৯ জন বিদেশী বন্দিসহ সারা দেশে অনেক বিদেশি বন্দী দীর্ঘদিন আটক রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ এবং সংশ্লিষ্ট বিজিবি ইউনিটের এ বিষয়ে যুগোপযোগী দ্রুত সমন্বয়ের প্রয়োজন এবং নিজ দেশে ফেরত প্রদান করা প্রয়োজন।
অসুস্থ বন্দিদের চিকিৎসার জন্য একটি ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মানের পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করবে ঢাকার জেলা প্রশাসক। তার প্রস্তাবের পক্ষে তিনি বলছেন, রাস্তায় জ্যামের কারণে অসুস্থ বন্দিদের দ্রুত ঢাকাস্থ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করায় বন্দিদের জীবনের ঝুকি বৃদ্ধি পায়। বন্দিদের জীবনের ঝুকি হ্রাস করতে কারাগার ক্যাম্পাসে ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রয়োজন।
প্রচলিত বিবাহ নিবন্ধন পদ্ধতি অনলাইনকরণের প্রস্তাব করবেন ঠাকুরগাও ও চট্রগ্রামের জেলা প্রশাসক। তাদের প্রস্তাবের পক্ষে তারা বলছেন, বিবাহ সংক্রান্ত আইনী জটিলতা এড়ানো সহজ হবে। ন্যাশনাল ডেটাবেজ প্রস্তুত হবে, অবিবাহিত সনদ প্রদান করা সহজ হবে। পারিবারিক আদালতে মামলায় প্রমাণক হিসেবে ব্যবহার করা যাবে।







