বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, গত তিনটি নির্বাচনে ভোটের নামে হয়েছে প্রহসন। সে সময় প্রশাসনে থেকে রাজনৈতিকভাবে ভূমিকা রেখেছিলেন অনেক কর্মকর্তা। বিতর্কিত কর্মকর্তাদের যেন আগামী নির্বাচনে বাদ দেওয়া হয় সেই বিষয়ে ইসিকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নির্বাচন ভবনে বিএনপির তিন সদস্যের এক প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এই কথা জানান।
আবদুল মঈন খান বলেন, ১৫ বছরের এই কর্মকর্তারা ১৫ মাসে পরিবর্তন হবে না, এই বিষয়ে আমরা ইসিকে সচেতন করেছি। বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ না করতে পারেন।
মঈন খান বলেন, জাতীয় নির্বাচন একটি বিরাট কর্মযজ্ঞ। ৩০০ নির্বাচন এলাকায় ৪২ হাজার কেন্দ্র আছে। ভোটে ১০ লাখ লোক দরকার, তারা কারা? তারা সিভিল, পুলিশ, বিচার বিভাগ থেকে আসেন। বিগত ১৫ বছর প্রশাসনকে রাজনৈতিকভাবে তৈরি করা হয়েছিল।







