বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশে সামনে নির্বাচন নিয়ে একটি শঙ্কার সৃষ্টি হয়েছে। জাতিসংঘে গিয়ে প্রধান উপদেষ্টা আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, অনেকেই নাকি তাকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে বলেছেন। এমন বক্তব্য দিয়ে তিনি আসলে কী বার্তা দিতে চাচ্ছেন, সেটিই এখন প্রশ্ন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদিন বলেন, যারা পাহাড়ে এই অশান্তি সৃষ্টি করছেন, যারা আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টির জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তারা মূলত জাতীয় নির্বাচন বানচালের প্রচেষ্টায় লিপ্ত। কেউ কেউ বলছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ—তারা কি নির্বাচনে অংশ নিতে পারবে? অথচ সরকারের আইন উপদেষ্টা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তারা নির্বাচন করতে পারবে না।
বিএনপির এই নেতা বলেন, পাহাড়ি অঞ্চলে এই অশান্তি কারা সৃষ্টি করছে, তা খুঁজে বের করতে হবে। পাঁচ বছর ক্ষমতায় থাকা বড় কথা নয়, আরও ২৫ বছর থাকাও বড় কথা নয়। শেখ হাসিনা তো ১৬ বছর ধরে ক্ষমতায় ছিলেন, দেশের মানুষ সেটিকে কীভাবে গ্রহণ করেছে, সেটিই গুরুত্বপূর্ণ।
প্রধান উপদেষ্টার উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনি তো একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আমরা আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আপনার প্রতি আত্মবিশ্বাস আছে বলেই আমাদের দল এখনো বলে যে কোনো বিষয়ে আপনার সঙ্গে আছে এবং থাকবে। কিন্তু আপনি যদি বলেন, জনগণ আপনাকে পাঁচ বছর ক্ষমতায় রাখবে, তাহলে প্রশ্ন উঠবে, এই পাঁচ বছরও কি গত এক বছরের মতো চলবে?







