প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন ডিসেম্বরের পর যেকোনো সময় হতে পারে। তবে কোনভাবেই নির্বাচন ৩০ জুন অতিক্রম করবে না।
রোববার (১ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
একই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক সোমবার বিকাল ৪টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উদ্বোধন করবেন।
তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যেসব রাজনৈতিক দল সম্পৃক্ত আছে তাদের সবাইকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার (২ জুন) থেকে শুরু হতে যাওয়া আলোচনা খুব শিগগিরই শেষ হবে। এই আলোচনা শেষেই ওনারা জুলাই চার্টার বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন।







