এম এ হোসেন, রংপুর: সিটি কর্পোরেশন এর ২৯, ৩০ ও ৩৩ নং ওয়ার্ড এবং পীরগাছা থানার ১নং কল্যানী ইউনিয়নের বেশ কিছু মৌজাসমূহ নিয়ে গঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানা। পুলিশ নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকলেও এখানকার মানুষের মাঝে সে ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান একজন ব্যতিক্রমধর্মী পুলিশ অফিসার। মাহিগঞ্জ থানা এলাকায় বসবাসরত কয়েকজন সাধারণ নাগরিকদের সাথে কথা হলে তারা বলেন, যোগদানের পর থেকেই তিনি একে একে অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করছেন। তার সুনিপুণ দক্ষতার মাধ্যমে সুষ্ঠু তদন্তের ফলে দোষীরা খুব দ্রুতই আইনের আওতায় চলে আসে। তিনি একজন সৎ ও অন্যায়ের কাছে আপোষহীন পুলিশ কর্মকর্তা। তার কাছে ধনী-গরিব, রিক্সাচালকসহ সব শ্রেণি-পেশার মানুষ সমান। থানায় আসা এক ব্যক্তির সাথে কথা হলে তিনি জানান, তিনি থানায় যোগদানের পর থেকে চুরি-ডাকাতি কমে যাওয়ায় রাতে শান্তিতে ঘুমাতে পারছি। তিনি একজন অসাধারণ ভালো মানুষ। জানতাম না এতো মানবিক অনুভূতির পুলিশও আছে। থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, কমিশনার স্যারের অসংখ্য সৃজনশীল নির্দেশনা তৈরি করে অধীনস্থ অফিসারদের নিয়ে বাস্তবায়ন করার লক্ষ্যে নাগরিকদের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া সুপার হিরো আমাদের অভিভাবক মোস্তাফিজুর রহমান স্যার। সরেজমিনে দেখা যায়, রাতেও তার রুমে সাধারণ মানুষের ভিড়। সবাই এসেছেন নানা অভিযোগ ও আবদার নিয়ে। সময় নিয়েই সবার কথা শুনছেন তিনি, চেষ্টা করছেন সমস্যা সমাধানের। সব কাজ শেষে গভীর রাতেই বেড়িয়ে পড়লেন নগরীর সাতমাথা মোড়ের দিকে, পর্যবেক্ষণ করতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সাথে। তিনি বলেন, একজন নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল হলো পুলিশ। আর আমরা যদি তাদের আশ্রয় এবং তাদের সমস্যা নিরসন না করি তাহলে কে করবে? “পুলিশ জনতার এবং জনতা পুলিশের” আমি এই স্লোগানকে সামনে রেখে এবং সাধারণ মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে মাদক, জঙ্গি, সন্ত্রাস মুক্ত করতে এগিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, পুলিশকে নিজের বন্ধু ভাবুন, পুলিশ জনগণের শুধু বন্ধুই নয় সেবকও। পুলিশ সব সময়ই জনগণের বন্ধু হিসেবে জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। জনগণের আন্তরিক সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে ব্যাপক জনগোষ্ঠীর সেবা দেয়া সম্ভব নয়। আমি আমাদের শ্রদ্ধেয় কমিশনার স্যার জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম মহোদয়সহ আমার সকল স্যারদের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। তারা আমাদের পাঠিয়েছেন মানুষের মুখে হাসি ফোটাতে, মানুষের সাথে মিলেমিশে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে। আমাদের কাজই হচ্ছে দেশকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাদাঁবাজ, ইভটিজার মুক্ত করে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনা এবং সকলের সহযোগিতা নিয়ে আমরা তাই করছি। আমার থানা সকলের জন্য উন্মুক্ত। আমি সবসময়ই সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকি।








