গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি নিজের পরাজয় মেনে নিয়ে জামায়াতের জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে শুক্রবার রাতে নীলফামারীর ডোমারের সোনারায় গ্রামে তার নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সেখানে পরাজয় মেনে নিয়ে প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থী জামায়াতের জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
সাংবাদিক সম্মেলনে মাওলানা আফেন্দি তার নিজ দল এবং জোটের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আশাহত হবেন না, মন খারাপ করবেন না। আমি আপনাদের ছিলাম, আছি এবং থাকব। আগের মতোই আপনাদের সুখ-দুঃখে পাশে থাকব। আমার জনসেবা কার্যক্রম অব্যাহত থাকবে, আমি কখনো হারিয়ে যাব না।
তিনি আরও বলেন, হিন্দু ধর্মালম্বীসহ দল-মত নির্বিশেষে যারা আমাকে সমর্থন করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনাদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন চিরদিন স্মরণে রাখবো। এই ভালোবাসা আগামীর পথচলাকে আরও মসৃণ ও সফল করবে।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








