রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ২য় বর্ষ ২য় সেমিস্টারের মৌখিক পরীক্ষায় নেকাব খুলতে বাধ্য করার ঘটনায় বিভাগটি দুঃখপ্রকাশ করেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান আরা তানজিয়ার সাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বরের ২য় বর্ষ ২য় সেমিস্টারের মৌখিক পরীক্ষায় হিজাব ও নিকাব সংক্রান্ত যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। বিভাগে পূর্বে এমন কোনো ঘটনা ঘটেনি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ এবং শিক্ষার্থীদের উপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ার বিষয়ে বিভাগের সকল সদস্য সর্বোচ্চ সতর্ক থাকবেন।
ঘটনার বিস্তারিত জানা গেছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিভাগটির ১৫তম আবর্তনের চূড়ান্ত ভাইভায় এক নারী শিক্ষার্থীকে বোর্ডে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বহিরাগত সদস্য নুরুল কাইয়ুম নেকাব খুলতে বলেন। শিক্ষার্থী অস্বীকৃতি জানালে ভাইভা বোর্ডের আরেক সদস্য ও ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মো. ইউসুফ তাকে ফেল করানোর হুমকি দেন।
বোর্ডের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, ‘ওই শিক্ষার্থীকে নেকাব খুলতে বলা হয়েছিল, পরে না খোলায় ভাইভা এভাবে নেওয়া হয়। তেমন কিছুই হয়নি।’
অন্যদিকে সহকারী অধ্যাপক মো. ইউসুফ বলেন, ‘আমি কাউকে কোনো হুমকি দিইনি। মার্ক আমি দিয়ে না; এটি এক্সটার্নাল সদস্যের কাজ। বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধু বেশি, তাই আমাকে সব জায়গায় টেনে আনা হয়।’








