নেদারল্যান্ডস-আফগানিস্তান ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করেছিলেন ক্রিকেট ভক্তরা। কিন্তু তার ছিটেফোঁটাও হল না। আরো একটি ম্যাচ হল একপেশে। নেদারল্যান্ডসের দেওয়া ১৮০ রানের ছোট লক্ষ্য তাড়ায় তেমন বেগ পেতে হয়নি আফগানিস্তানকে।
যদিও শুরুর দিকে রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে ভিন্ন আভাসই দিয়েছিল ডাচরা। এর পরের গল্পটা রহমত শাহ ও হাশমতউল্লাহ শহিদির লেখা। দুজনের ব্যক্তিগত অর্ধশতকে আফগানিস্তান ৭ উইকেটের বড় জয় পেয়েছে।
এই জয়ের পর তাদের ৭ ম্যাচে হয়েছে ৮ পয়েন্ট। সমান ৮ পয়েন্ট করে আছে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার। যার অর্থ বড় দলগুলোর সঙ্গে সেমির দৌড়ে সমানভাবেই এগোচ্ছে আফগানরা। তাদের পরের দুই ম্যাচ অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
লখনৌতে আজ বোলাররাই জয়ের মঞ্চ প্রস্তুত করে দিয়েছেন আফগানিস্তানকে। জয়ের লক্ষ্য ছিল মোটে ১৮০ রান। ৫৫ রানের মধ্যে রহমানুল্লাহ গুরবাজ (১০) আর ইব্রাহিম জাদরানকে (২০) হারালেও রহমত শাহ এবং অধিনায়ক হাসমতউল্লাহ শহিদির ফিফটিতে জয় পেতে কষ্ট হয়নি আফগানদের।
৫৪ বলে ৮ বাউন্ডারিতে ৫২ করে আউট হন রহমত। তবে অধিনায়ক শহিদি দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ৬৪ বলে ৬ বাউন্ডারিতে ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। ২৮ বলে হার না মানা ৩১ করেন আজমতউল্লাহ ওমরজাই।
এর আগে নেদারল্যান্ডসকে যেন শনির দশা পেয়ে বসেছিল। এক ইনিংসে চার-চারজন ব্যাটার কিনা পড়লেন রানআউটের ফাঁদে! আফগানিস্তান বোলিংও করেছে দুর্দান্ত। ফলে ৪৬.৩ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে যায় ডাচদের ইনিংস।








